এবার আর্জেন্টিনার খেলোয়াড়দের অনুকরণ করে পরীমণির ভিডিও ভাইরাল!

বিশ্বকাপ ফুটবলের জোয়ারে ভাসছে পুরো দেশ, আর সেই উন্মাদনা থেকে পিছিয়ে নেই ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের প্রতি নিজের কড়া সমর্থনের কথা তিনি বরাবরই প্রকাশ করে আসছেন। এবার আলবিসেলেস্তেদের প্রতি ভালোবাসা জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অভিনব ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী, যা ইতিমধ্যেই নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।
ভিডিওতে পরীমণিকে দেখা গেছে ‘মেসি ১০’ ও ‘পরী’ লেখা আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সিতে। আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নাম নিয়ে তৈরি একটি গানের তালে তালে মাঠে তাদের বিখ্যাত সব সিগনেচার ভঙ্গি ও উদযাপন অনুকরণ করেছেন তিনি।
গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সেই চেনা নাচ থেকে শুরু করে মোলিনা, রোমেরো, ম্যাক অ্যালিস্টার, পারেদেস এবং আলভারেজদের আইকনিক পোজগুলো নিজের অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন পরীমণি। ভিডিওর শেষাংশে রঙিন সাজ ও গ্ল্যামারাস লুকে ধরা দিয়ে ভক্তদের তাক লাগিয়ে দেন তিনি। ভিডিওটি প্রকাশ হতেই হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। কমেন্ট বক্সে আর্জেন্টিনা সমর্থকরা যেমন তার এই ব্যতিক্রমী উদযাপনের প্রশংসায় পঞ্চমুখ, তেমনি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকরাও মেতে উঠেছেন মজার ছলে খুনসুটিতে। এর আগে নিজের ছেলে পূণ্যকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ‘আমার ছোট্ট মেসি’ লিখে ছবিও শেয়ার করেছিলেন এই চিত্রনায়িকা।
