মাঠে নামার আগেই মারামারিতে জড়ালেন আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

মাঠের ফুটবল লড়াই এখনো শুরুই হয়নি, কিন্তু তার আগেই ২০২৬ বিশ্বকাপের উত্তাপ ছড়াল নিউইয়র্কের রাস্তায়। গ্রুপ ‘জে’-তে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই রক্তক্ষয়ী সংঘর্ষ ও হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন আর্জেন্টিনা ও আলজেরিয়ার ফুটবল সমর্থকেরা।
নিউইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনের বিখ্যাত টাইমস স্কয়ারে দুই দেশের সমর্থকদের মধ্যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বাংলাদেশ সময় আজ (বুধবার) সকাল সাতটায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। তবে হাইভোল্টেজ এই ম্যাচকে কেন্দ্র করে এক দিন আগেই টাইমস স্কয়ারে অবস্থান নিতে শুরু করেন দুদলের হাজারো সমর্থক।
প্রথমদিকে উৎসবমুখর পরিবেশে স্লোগান ও গান চললেও, সময়ের সাথে সাথে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি পরা একদল সমর্থকের সঙ্গে আলজেরিয়ার জার্সি পরিহিত সমর্থকদের তীব্র ধস্তাধস্তি, হাতাহাতি ও মারামারি হচ্ছে। একে অপরকে লক্ষ্য করে বোতল ও লাঠি ছুড়তেও দেখা যায় কিছু সমর্থককে।
‘ব্রুট অফিশিয়াল’ নামের একটি ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই সংঘর্ষের ভিডিওটি প্রথম শেয়ার করা হয়, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ভাইরাল হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে নিউইয়র্ক পুলিশকে (NYPD) হস্তক্ষেপ করতে হয়। মাঠে বল গড়ানোর আগেই ফুটবলের এই উন্মাদনা ও সংঘাত বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
