Latest News

সংকট উত্তরণে বড় পদক্ষেপ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, দায়িত্বে জহির হোসেন

অর্থনৈতিক প্রতিবেদক: গ্রাহকদের আস্থা সংকট ও তীব্র তারল্য চাপের মুখে থাকা দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে।

রোববার (১৪ জুন) রাতে বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিলের এই সিদ্ধান্ত জানানো হয়।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এবং আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম. জুবায়দুর রহমান আকস্মিকভাবে পদত্যাগ করার পর সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান করা হয়। তবে এই নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। এর জেরে গ্রাহকদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয় এবং ব্যাংক থেকে ব্যাপক হারে টাকা তোলার হিড়িক পড়ে, যা ব্যাংকটিকে নতুন করে চরম তারল্য সংকটে ফেলে। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঠিক আগেই রোববার বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বৈঠকে ইসলামী ব্যাংকের প্রতিনিধি দল ব্যাংকের বর্তমান নাজুক পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ গভর্নরকে বিস্তারিত অবহিত করেন। এই বৈঠকের পর রাতেই পুরো পর্ষদ বাতিলের চূড়ান্ত ঘোষণা আসে। এখন থেকে আইনি নিয়ম অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মোহাম্মদ জহির হোসেনই পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *