প্রতারণার নতুন মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে এবার প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের একটি নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা এই মামলায় তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান। তদন্তে আফ্রিদির সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে উল্লেখ করে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তৌহিদ আফ্রিদিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
