ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ঘাটাইলের কৃতি সন্তান সোহেল রানা সাদী

টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার কৃতি সন্তান মোঃ সোহেল রানা সাদী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তার এই গুরুত্বপূর্ণ অর্জনে ঘাটাইলসহ নিজ নির্বাচনী এলাকায় আনন্দের জোয়ার বইছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সোহেল রানা সাদী ঘাটাইল উপজেলার ১নং দেউলাবাড়ী ইউনিয়নের পূর্ব পাকুটিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ আব্দুল মান্নান।
তিনি স্থানীয় সৎ সঙ্গ তপোধন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং পাকুটিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য ঢাকায় এসে সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগ থেকে কৃতিত্বের সাথে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সেন্ট্রাল ল’ কলেজে আইন বিভাগে অধ্যয়ন করছেন।

ছাত্রজীবনের শুরু থেকেই জাতীয়তাবাদী আদর্শের প্রতি অবিচল থেকে ছাত্ররাজনীতিতে সক্রিয় হন সাদী। তার রাজনৈতিক জীবনের সূচনা হয় নিজ ইউনিয়নের ওয়ার্ড কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে। পরবর্তীতে তিনি ১নং দেউলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকায় উচ্চশিক্ষাকালীন তিনি সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা রাখেন। তিনি তিতুমীর কলেজ ছাত্রদলের রাজিব-আকরাম কমিটিতে সহ-সাধারণ সম্পাদক এবং পরবর্তী শ্রাবণ-জুয়েল কমিটিতে অত্যন্ত নিষ্ঠার সাথে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। মাঠপর্যায়ে সক্রিয় পদচারণা ও সাংগঠনিক দক্ষতার পুরস্কার হিসেবে এবার তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

বিগত বছরগুলোতে রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে সোহেল রানা সাদী একাধিকবার শাসকগোষ্ঠীর রোষানলে পড়েছেন। ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকার কারণে তাকে বারবার হামলা, মামলা, কারাবরণ ও রিমান্ডের মতো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। তবে সকল বাধা উপেক্ষা করে তিনি নিজের আদর্শে অটল থেকেছেন।

সোহেল রানা সাদীর এই সাফল্যে তার নিজ গ্রাম পাকুটিয়াসহ পুরো ঘাটাইল উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এলাকাবাসীর প্রত্যাশা, রাজপথের এই লড়াকু সৈনিক আগামী দিনে ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *